বরিশাল আদালত প্রাঙ্গণে বিকট শব্দে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ, আতঙ্কের সৃষ্টি
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক বিকট শব্দে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে জুডিশিয়াল ভবনের সামনে এবং আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের নিকটে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হুট করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো স্থান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে কাদামাটি ছিটকে এসে কাছে থাকা মানুষের গায়ে লাগে। অপ্রত্যাাশি এই ঘটনায় মুহূর্তের মধ্যেই আদালত এলাকায় উপস্থিত লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালতের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, শব্দ শোনার পরপরই তারা সেখানে গিয়ে বিস্ফোরণের বিভিন্ন আলামত দেখতে পান।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা স্থানটি ঘিরে ফেলে এবং পরীক্ষার জন্য বিভিন্ন আলামত সংগ্রহ শুরু করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ জানান, প্রাথমিক পর্যায়ে ঘটনাটির তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা সম্ভব হবে।
বিস্ফোরিত পদার্থটি ঠিক কী ধরনের ছিল এবং কারা এটি সেখানে ফেলে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











