এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন জিন্নাত, ৪০ বছর পর একক ইভেন্টে ইতিহাস

২২ সেপ্টেম্বর ২০২৬ - ২৩:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন জিন্নাত, ৪০ বছর পর একক ইভেন্টে ইতিহাস
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য পদক সুনিশ্চিত করেছেন উশুকা জিন্নাত আক্তার। উশুর ৫২ কেজি ফাইটিং ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে অন্তত ব্রোঞ্জ জয় চূড়ান্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট।

​আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে ‘বাই’ পেয়ে সরাসরি শেষ আটে জায়গা করে নেন জিন্নাত। কোয়ার্টার ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশিয়ার থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারণে বাদ পড়েন। ফলে কোনো লড়াই ছাড়াই সেমিফাইনালের টিকিট পান জিন্নাত।

৪০ বছর পর একক ইভেন্টে পদক

বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু জানান, জিন্নাতের ৫২ কেজি ওজনশ্রেণিতে মোট ১৬ জন প্রতিযোগী অংশ নেন। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, আটজনের বেশি প্রতিযোগী থাকা ইভেন্টে সেমিফাইনালে ওঠা চারজন অ্যাথলেটেরই পদক নিশ্চিত থাকে। সেই হিসেবে সেমিফাইনালে পা রাখার মাধ্যমেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় বাংলাদেশের।

​এর আগে ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে শেষবার পদক পেয়েছিল বাংলাদেশ। সেবার বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। দীর্ঘ ৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একক ইভেন্টে এশিয়ান গেমসের পদক জয়ের গৌরব অর্জন করলেন জিন্নাত আক্তার।

ফাইনালের স্বপ্ন ও জিন্নাতের প্রতিক্রিয়া

আগামীকাল সেমিফাইনাল লড়াইয়ে চীনের প্রতিযোগী ডি উর মুখোমুখি হবেন জিন্নাত। এই ম্যাচে বিজয়ী হলে স্বর্ণপদকের লড়াইয়ে উঠবেন তিনি। আর হেরে গেলেও ব্রোঞ্জ পদক নিয়েই মাঠ ছাড়বেন।

​ঐতিহাসিক এই অর্জনের পর জিন্নাত আক্তার বলেন, "আমি অনেক খুশি, দেশের জন্য কিছু করতে পেরেছি। সকলের দোয়া চাই। বাংলাদেশের উশুকে যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0