৪৬-এ পা দেওয়া কারিনা কাপুরের সম্পত্তি কত? বিলাসী জীবনযাপনের নানা হিসাব
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অন্যতম কারিনা কাপুর খান। গত ২১ সেপ্টেম্বর জীবনের ৪৬তম বসন্তে পা দিয়েছেন তিনি। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে পরিবার ও ভক্তদের শুভেচ্ছায় ভাসার পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তার বিশাল অঙ্কের সম্পত্তি ও রাজকীয় জীবনযাপন।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ‘কাভি খুশি কাভি গাম’-এর চঞ্চল ‘পু’ কিংবা ‘জাব উই মেট’-এর প্রাণবন্ত ‘গীত’সহ অসংখ্য স্মরনীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট—উভয় মাধ্যমেই তার পারিশ্রমিক আকাশছোঁয়া। ফ্যাশন সাময়িকী ‘জিকিউ’-এর ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি চলচ্চিত্রের জন্য কারিনা ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন। সেসময় তার মোট সম্পদের আনুমানিক পরিমাণ উল্লেখ করা হয় প্রায় ৪৮৫ কোটি রুপি।
বিলাসবহুল আবাসন ও অবকাশ কেন্দ্র
মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় স্বামী সাইফ আলি খানের সঙ্গে চারতলা বিশিষ্ট ‘সতগুরু শরণ’ বাসভবনে থাকেন কারিনা। প্রায় ৩ হাজার বর্গফুটের এই আলিশান বাড়ির বর্তমান বাজারমূল্য ২৫ থেকে ৩০ কোটি রুপি। ইন্টেরিয়র ডিজাইনার দর্শিনী শাহের নকশায় সাজানো বাড়িটিতে রয়েছে ভ্রমণস্মারক ও পারিবারিক স্মৃতিচিহ্নের অনন্য সংযোজন। এছাড়া ইউরোপের দেশ সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গস্টাদে রয়েছে তার একটি ছুটি কাটানোর বাংলো, যার মূল্য প্রায় ৩৩ কোটি রুপি।
গাড়ির বহর ও নামীদামি ব্র্যান্ডের ব্যাগ
অভিজাত গাড়ির প্রতিও কারিনার বিশেষ দুর্বলতা রয়েছে। তার কালেকশনে থাকা অডি কিউ৭-এর মূল্য ৮৫ থেকে ৯৫ লাখ রুপি এবং রেঞ্জ রোভার স্পোর্ট-এর দাম প্রায় ৯৯ লাখ রুপি। এছাড়া ১ কোটি ২২ থেকে ১ কোটি ২৫ লাখ রুপি দামের বিএমডব্লিউ এক্স৭ এবং ৭৫ থেকে ৮৮ লাখ রুপি মূল্যের মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাসও রয়েছে তার কালেকশনে। এর পাশাপাশি ১ কোটি ৭১ লাখ রুপি থেকে শুরু হওয়া মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস গাড়িও ব্যবহার করেন তিনি।
চলচ্চিত্রের বাইরে ফ্যাশন সচেতন হিসেবে কারিনার বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে, বিশেষ করে বিলাসবহুল হ্যান্ডব্যাগের সংগ্রহের জন্য। ৮ লাখ ৪৮ হাজার রুপি মূল্যের শ্যানেল ফ্ল্যাপ ব্যাগ থেকে শুরু করে প্রায় ২ লাখ ৯১ হাজার রুপির ক্রিস্টিয়ান ডিওর টোট ব্যাগ রয়েছে তার ঝুলিতে। নিয়মিত ব্যবহারে লুই ভিটো, ওয়াইএসএল ও সেলিনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের ব্যাগও দেখা যায় তার হাতে। তবে তার ব্যাগের সংগ্রহের প্রধান আকর্ষণ হলো তামাটে ও কালো রঙের দুটি হার্মিস বির্কিন ব্যাগ, যার সম্মিলিত আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি রুপি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কারিনা কাপুর অভিনীত নতুন চলচ্চিত্র ‘দায়রা’। গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় তারকা পৃথ্বীরাজ সুকুমারন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











