১১ দলের লংমার্চে সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১টি রাজনৈতিক দলের আয়োজনে অনুষ্ঠিত ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বিগত শাসনামলের মতো একই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে মানুষের মানবাধিকার হরণ করছে।
শনিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এই লংমার্চের অনুষ্ঠানে সভাপতিত্ব ও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে বক্তব্য প্রদানকালে নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে গুম ও মানবাধিকার বিষয়ক আইন পাস করা হলেও জনগণের কাঙ্ক্ষিত স্বাধীন গুম কমিশন গঠন করা হয়নি। উল্টো র্যাবের নাম পরিবর্তন করে ‘এসআরবি’ গঠন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে লংমার্চের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে দুষ্কৃতকারীরা। তবে চট্টগ্রাম লংমার্চের সাফল্যের পর রংপুর অভিমুখী এ কর্মসূচিতে নতুন গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং কোনো বাধাই এই অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না।
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধরে যারা গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সঙ্গে ছিল, তারা ক্ষমতায় এসে এখন নিজেরাই গণতন্ত্র ধ্বংস করছে। অতীতে যারা জনআকাঙ্ক্ষা উপেক্ষা করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। এই সময় তিনি উল্লেখ করেন, রাজনৈতিক নেতৃত্বকে তাদের ভবিষ্যত পথ নির্ধারণ করতে হবে—সম্মানের সঙ্গে স্বাভাবিক বিদায় নেওয়া হবে, নাকি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান এবং লেবার পার্টির চেয়ারম্যান আনোয়ারুল হক চান। লংমার্চটি সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে রংপুরের উদ্দেশে রওনা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











