অর্থপাচার ও দুর্নীতিতে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

১৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অর্থপাচার ও দুর্নীতিতে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
ছবি সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কোনো কর্মকর্তা বা সদস্য অর্থপাচার কিংবা অসাধু কর্মকাণ্ডে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনার বিপরীতে আপিলের ভয় দেখিয়ে বিচারপ্রার্থীদের থেকে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা হলেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

​শুক্রবার রাজধানীর হোটেল হলিডে ইন-এ ‘স্ট্রেংথেনিং দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অব প্রসিকিউশন এথিকস ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

​ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, পূর্বে অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিয়ে নানা অনিয়মের অভিযোগ থাকলেও বর্তমানে নতুন আইন কর্মকর্তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তথাকথিত ‘নোট বাণিজ্য’সহ বিভিন্ন অভিযোগ থেকে মুক্ত হয়েছে।

​কর্মশালায় আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসনের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে ঘুষ, দুর্নীতি, নথি গোপন, দায়িত্বে অবহেলা কিংবা বিচারপ্রক্রিয়ায় অনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার বার্তা দেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, কার্যালয়ের নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত ভাবমূর্তি বজায় রাখতে কোনো ধরনের অনৈতিক সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না।

​উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ইতিহাসেই প্রথমবারের মতো আইন কর্মকর্তাদের জন্য এমন নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হলো। এই কর্মশালায় প্রতিষ্ঠানটির ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0