অপু বিশ্বাসের সিনেমার নায়ক মুর্তজা পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার, অনিশ্চয়তায় ‘শিকার’

১৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অপু বিশ্বাসের সিনেমার নায়ক মুর্তজা পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার, অনিশ্চয়তায় ‘শিকার’
ছবি: সংগৃহীত

নেপালে চিত্রগ্রহণের কাজ শেষ করে দেশে ফেরার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মুর্তজা পলাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত আগস্টের শেষদিকের এই খবরটি এতদিন অপ্রকাশিত থাকলেও সম্প্রতি বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে এসেছে।

​জানা গেছে, আগস্ট মাসে পরিচালক কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে পুরো টিমের সঙ্গে নেপাল যান পলাশ। সেখানে টানা ২৫ দিন চিত্রগ্রহণের পরিকল্পনা ছিল। তবে পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের আগেই গত ২৮ আগস্ট টিমটি দেশে ফিরে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই পলাশকে হেফাজতে নেয় পুলিশ।

​তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিমান্ড চলাকালীন সময়ে মামলার ঘটনা ও অন্য আসামিদের সম্পৃক্ততা নিয়ে কিছু তথ্য দিয়েছেন এই অভিনেতা। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

​এদিকে মূল অভিনেতা কারাগারে বন্দি থাকায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ‘শিকার’ সিনেমার কাজ। সিনেমাটির পরিচালক জানান, নেপালে মূল অংশের শুটিং শেষ হলেও আগামী অক্টোবরে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি ছিল। বর্তমান পরিস্থিতিতে সিনেমাটি শেষ করার নির্ধারিত সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

​পরিচালক আরও জানান, পলাশ নিজ উদ্যোগে আইনি লড়াই চালাচ্ছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে তিনি দ্রুত মুক্ত হবেন। তবে পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

​রেজা ফিল্মসের ব্যানার ও আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত এই থ্রিলার সিনেমায় পলাশের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এতে আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0