আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির

১৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৯:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির
ছবি সংগৃহীত

আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। তবে ভোটের চূড়ান্ত তারিখ ও আনুষ্ঠানিক সময়সূচি কমিশনের আগামী বৈঠকে আলোচনা শেষে জানানো হবে।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সার্বিক প্রস্তুতি ও শান্তিশৃঙ্খলা রক্ষার বিষয়টি পর্যালোচনায় এ বৈঠকের আয়োজন করা হয়।

​নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের যে প্রাথমিক খসড়া কর্মপরিকল্পনা ছিল, তা বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার প্রস্তাব উপস্থাপন করা হলে সবাই তাতে সম্মতি জানান। তিনি উল্লেখ করেন, কমিশন থেকে আগে যে সময়সীমার কথা বলা হয়েছিল, তা মূলত একটি সম্ভাব্য রূপরেখা ছিল।

​নভেম্বর থেকেই ভোট গ্রহণ শুরু হচ্ছে কি না—সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে সংগৃহীত পরামর্শ ও তথ্য-উপাত্ত নিয়ে কমিশন সভায় আলোচনা করা হবে। এরপরই নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ও ধাপ সম্পর্কে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া সম্ভব হবে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন

ইসি সানাউল্লাহ আরও নিশ্চিত করেন যে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) মোতায়েন থাকবে।

​প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য নির্বাচন কমিশনারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

​এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি এবং অর্থ, আইন, তথ্য ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0