বিপিএলে দুর্নীতির অভিযোগ: বিসিবির জালে সাবেক ২ কর্মকর্তা

১৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ: বিসিবির জালে সাবেক ২ কর্মকর্তা
ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক দুটি আসর ঘিরে দুর্নীতির অভিযোগে সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শৃঙ্খলাভঙ্গের প্রাথমিক তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সাময়িক নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।

​অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ এবং দুর্বার রাজশাহীর ১১তম আসর ও চট্টগ্রাম রয়্যালসের ১২তম আসরের সাবেক কর্মকর্তা মো. আমিন খান। বিসিবির অ্যান্টি-করাপশন বা দুর্নীতিবিরোধী ইউনিটের স্বাধীন তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাইয়ুম রাশেদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী নীতিমালার চারটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ম্যাচের ফল বা গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার অপচেষ্টা চালানো, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য নির্ধারিত সময়ে না জানানো, তদন্তকাজে অসহযোগিতা করা এবং তথ্য গোপন করে তদন্ত বিলম্বিত বা ব্যাহত করা। দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের কাছে নিজের ব্যবহৃত মূল মুঠোফোনটি জমা না দেওয়ায় তার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা সম্ভব হয়নি বলেও অভিযোগে বলা হয়েছে।

​অন্যদিকে, মো. আমিন খানের বিরুদ্ধেও সমপরিমাণ চারটি ধারায় অভিযোগ এনেছে বিসিবি। তার বিরুদ্ধে ম্যাচের কোনো নির্দিষ্ট দিক অনৈতিকভাবে পরিবর্তনের চেষ্টা, অন্য কোনো অংশীদারকে দুর্নীতিতে উৎসাহিত বা সাহায্য করা, তদন্তের সময় অসহযোগিতা করা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন কিংবা নষ্ট করে ফেলার প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।

​বিসিবি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর নিজেদের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের জন্য অভিযুক্ত দুজনই ১৪ দিন সময় পাবেন। আইসিসির প্রচলিত অ্যান্টি-করাপশন বিধিমালা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0