২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৮৪
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য পাওয়া গেছে।
মৃত্যু ও সংক্রমণের আঞ্চলিক চিত্র
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগে ১ জন মারা গেছেন।
অন্যদিকে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, যার সংখ্যা ২৫২ জন। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মাসের ব্যবধানে পরিস্থিতির ভয়াবহতা
চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমান্বয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত জুলাই মাসে সারাদেশে ৩৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। আগস্ট মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। আর সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনেই মৃত্যুর মিছিল দীর্ঘ হয়ে যুক্ত হয়েছেন আরও ৭৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৭৬ জন প্রাণ হারিয়েছেন। ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি—৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জনের প্রাণহানি ঘটেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











