জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

১৭ সেপ্টেম্বর ২০২৬ - ১১:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে সশরীরে অংশ নিতে পারছেন না তিনি। ফিলিস্তিনের দু’টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

​যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। বিবৃতিতে প্রেসিডেন্ট আব্বাসের নাম সরাসরি উল্লেখ না করা হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনিও এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ

ওয়াশিংটনের দাবি, ফিলিস্তিনি প্রশাসন ও পিএলও তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে তারা এমন কিছু কার্যক্রম পরিচালনা করছে, যা মধ্যপ্রাচ্যে শান্তির পরিবেশ নষ্ট করছে। ফিলিস্তিনকে একতরফাভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা এবং আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু উত্থাপনের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিকীকরণের অভিযোগও এনেছে মার্কিন প্রশাসন।

জাতিসংঘের ভূমিকা ও আইনি বিধান

সাধারণত জাতিসংঘের সদর দপ্তর চুক্তি অনুযায়ী, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণকারী কূটনীতিকদের প্রবেশের সুযোগ দেওয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব। তবে ওয়াশিংটন মনে করে, জাতীয় নিরাপত্তা, চরমপন্থা প্রতিরোধ ও পররাষ্ট্রনীতির স্বার্থে নির্দিষ্ট কাউকে ভিসা না দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

​উল্লেখ্য, গত বছরের আগস্টেও প্রেসিডেন্ট আব্বাসসহ প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন। এর ফলে গত বছর আব্বাস ভিডিও বার্তার মাধ্যমে অধিবেশনে বক্তব্য প্রদান করেন। এবারও তাকে ভিডিওর মাধ্যমে ভাষণের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেবে।

গাজার বর্তমান পরিস্থিতি

অন্যদিকে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক হামাস কমান্ডার ও দুই শিশুসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজার ৭৯০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0