বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, প্রবল হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, প্রবল হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
ছবি: সংগৃহীত

উত্তর আন্দামান সাগরে সৃষ্টি হওয়া একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের কাছে তৈরি হওয়া এই চক্রবাতটি শনিবার সন্ধ্যার মধ্যে শক্তিসঞ্চয় করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। এই সিস্টেমটি যদি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তবে বাংলাদেশের দেওয়া নাম অনুযায়ী এর নামকরণ করা হবে ‘অর্ণব’।

আবহাওয়ার পূর্বাভাস ও বিভিন্ন মডেলের তথ্য

আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল জিএফএস (GFS) ইঙ্গিত দিচ্ছে যে, বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এখনো কেবল নিম্নচাপ সৃষ্টির প্রক্রিয়ার কথাই জানিয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

যেসব অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা

আইএমডির বুলেটিন অনুযায়ী, ১৯ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে। এছাড়া ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

​অন্যদিকে, বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার যৌথ প্রভাবে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এর ওপর ভিত্তি করে বেশ কিছু জেলায় শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0