জনগণের দাবি না মানলে যে কোনো সময় এক দফা আন্দোলন: জামায়াত আমির

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১০:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জনগণের দাবি না মানলে যে কোনো সময় এক দফা আন্দোলন: জামায়াত আমির
লংমার্চ পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ছবি সংগৃহীত

জনগণের দাবি না মানলে চলমান আন্দোলন যেকোনো সময় এক দফার দাবিতে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, সম্প্রতি চট্টগ্রামে লং মার্চ সফল হওয়ার পর বিরুদ্ধপক্ষের মধ্যে রাজনৈতিক অস্বস্তি দেখা গেছে। রাজধানী ঢাকায় গত কয়েক দিনে সেই লক্ষণ স্পষ্ট হতে শুরু করেছে। তিনি সংশ্লিষ্টদের হতাশ হয়ে পরিস্থিতি জটিল না করে জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

​ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, বর্তমানে ঘোষিত আট দফা দাবি পরিস্থিতি অনুযায়ী ৯ বা ১০ দফায় উন্নীত হতে পারে, এমনকি জাতির প্রয়োজনে যেকোনো মুহূর্তে তা এক দফার আন্দোলনে পরিণত হতে পারে। আন্দোলন এক দফায় পৌঁছালে পরিস্থিতি অত্যন্ত জটিল হবে উল্লেখ করে তিনি অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সময় থাকতেই দাবি মেনে নেওয়ার পরামর্শ দেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট দূর করা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ লং মার্চের আয়োজন করা হয়।

​জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0