ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি হামলা চালিয়েছে সৌদি আরব, হুথিদের দাবি
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট গত ২৪ ঘণ্টায় তাদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে ২৬টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, সংঘাতপীড়িত দেশটিতে পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে এবং উভয় পক্ষই সহিংসতা বাড়িয়ে চলেছে।
সপ্তাহজুড়ে ৩০০ হামলা ও সীমান্ত সংঘর্ষ
শুক্রবার হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়, গত এক সপ্তাহে হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ৩০০টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় তাদের সামরিক ও কৌশলগত অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
অন্যদিকে, ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী শুক্রবার জানায়, তাইজ প্রদেশের আল-ওয়াজিইয়াহ জেলায় ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে। সম্প্রতি যেসব অঞ্চলে সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে, আল-ওয়াজিইয়াহ তার অন্যতম।
সানায় বিক্ষোভ ও বাব-এল-মান্দেবে হুথিদের অগ্রগতি
সংঘাত বৃদ্ধি পাওয়ার পর শুক্রবার রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাজপথে নেমে হুথিদের প্রতি সমর্থন প্রকাশ করে এবং সৌদি সরকারবিরোধী মিছিল করে। একই সময়ে লোহিত সাগর উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালির দিকে নিজেদের ভূখণ্ড দখলের মাত্রা বাড়িয়ে চলেছে হুথিরা।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, তায়েফ প্রদেশে একটি হুথি ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়। বিপরীতে, তাইজ ও আবস শহরে সৌদি জোটের হামলায় বেসামরিক প্রাণহানির দাবি করেছে হুথি সংশ্লিষ্ট গণমাধ্যম।
কূটনৈতিক তৎপরতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান
বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বাব-এল-মান্দেব প্রণালিতে পণ্যবাহী জাহাজের নিরাপত্তাহীনতা বাড়ায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওমানের মাস্কাটে মার্কিন দূতাবাসে হুথি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন কর্মকর্তারা। বৈঠকে হুথিরা আশ্বাস দেয় যে সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত নয়—এমন কোনো আন্তর্জাতিক জাহাজকে তারা নিশানা করবে না।
রিয়াদ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হুথিদের ওপর সরাসরি সামরিক আক্রমণের তাগিদ দেওয়া হলেও ওয়াশিংটন আপাতত সতর্ক অবস্থান গ্রহণ করেছে। ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বজায় থাকায় নতুন কোনো সংঘাতের ফ্রন্ট খুলতে চাইছে না তারা।
ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা জারি
এদিকে লোহিত সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক মিশন ‘অপারেশন এসপাইডিস’ তাদের সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস এক্সে (সাবেক টুইটার) জানান, সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, ইয়েমেন যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে কূটনৈতিক সমাধান নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











