জ্বালানির দাম বৃদ্ধি: জনগণের সহনশীলতা চাইলেন ডা. জাহেদ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের সাময়িক কষ্ট স্বীকার করে সরকারের প্রতি জনগণের সহনশীলতা আশা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো ধরনের শর্ত ছিল না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ভর্তুকির চাপ কমাতে মূল্য সমন্বয়
ডা. জাহেদ উর রহমান বলেন, বৈশ্বিক বাজারের অস্থিতিশীলতার পাশাপাশি দেশীয় জ্বালানি খাতে সরকারকে বিশাল অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। এই অতিরিক্ত ভর্তুকির চাপ লাঘব করতেই মূলত মূল্য সমন্বয়ের পথ বেছে নেওয়া হয়েছে। তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমলেও অপরিশোধিত তেল এখনো ব্যারেলে ১০০ ডলারের উপরে বিক্রি হচ্ছে। এই উচ্চমূল্য দীর্ঘস্থায়ী না হলেও পরিস্থিতি নিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয়ের কারণে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো কল্যাণমূলক খাতে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। তাই সরকারকে সার্বিক বিষয়ে ব্যালেন্স করতে হয়েছে। তবে নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কষ্ট কমাতে পরিবহনে যুক্তিসঙ্গত ভাড়া নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা বাড়াতে সরকার সচেষ্ট থাকবে।
গ্যাস সংকট ও বিদ্যুৎ খাতের ভর্তুকি
সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে গ্যাস ও বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত মোট ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকির প্রায় অর্ধেকই প্রথম আড়াই মাসে ব্যয় হয়ে গেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে বছর শেষে এই ভর্তুকি সোয়া এক থেকে দেড় লাখ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। তবে আগস্ট মাসের গ্যাস সংকট বর্তমানে কেটে গেছে এবং সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে তিনি নিশ্চিত করেন।
সরকারি কর্মচারীদের বেতন ও রাজনৈতিক পরিস্থিতি
সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ১০-১১ বছর ধরে বেতনকাঠামো পরিমার্জন না হওয়ায় এটি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের তালিকায় ছিল। বাজেট সামলাতে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, সরকার এ মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট দেখছে না। বিরোধীদের কর্মসূচি সত্ত্বেও পাঁচ বছরের মেয়াদের অংশ হিসেবে সরকার তার দায়িত্ব পালন করে যাবে। বিচ্ছিন্ন দু-একটি অপ্রীতিকর ঘটনার মাধ্যমে দেশে সংকট তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











