এশিয়ান গেমস কাবাডি: জাপানের কাছে হেরে পদক জয়ের দৌড়ে ধাক্কা খেল বাংলাদেশ

২২ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এশিয়ান গেমস কাবাডি: জাপানের কাছে হেরে পদক জয়ের দৌড়ে ধাক্কা খেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জাপানের নাগোয়া শহরের টোকাই সিটিজেন জিমন্যাশিয়ামে স্বাগতিক গ্যালারির প্রচণ্ড উল্লাসের মাঝে কাবাডিতে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাপানের কাছে হেরে গেছে বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে ৪০–৩৭ পয়েন্টে হেরে এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

​এর আগে সোমবার শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও পরবর্তীতে চাইনিজ তাইপেকে হারিয়ে দুই দশক পর এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধারের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার জন্য জাপানের বিপক্ষে জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শক্তিশালী কৌশল ও আক্রমণাত্মক খেলার সামনে কোচ আব্দুল জলিলের দল খেই হারিয়ে ফেলে। এই হারের পর সেমিফাইনালের সমীকরণ বাংলাদেশের জন্য অত্যন্ত জটিল হয়ে পড়েছে। এখন শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারানোর পাশাপাশি অন্যান্য ম্যাচের ফলের ওপরও নির্ভর করতে হবে তাদের।

​ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্মক ছিল জাপান। তাদের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সুজুকির ধারাবাহিক রেইড সামলাতে গিয়ে ভুল করতে থাকেন নাসিরউদ্দিন ও রাসেলরা। প্রথম অর্ধেই বাংলাদেশকে একবার অলআউট করে লোনা আদায়ের মাধ্যমে ২২–১৫ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল।

​দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে ভুল আরও বাড়াতে থাকেন মিজানুর রহমানরা। একপর্যায়ে জাপান পুনরায় বাংলাদেশকে অলআউট করে ২৯–১৮ পয়েন্টে লিড নেয় এবং ব্যবধান বাড়িয়ে ১০ পয়েন্টে নিয়ে যায়।

​ম্যাচের শেষ ১০ মিনিটে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আক্রমণ জোরদার করে জাপানকে অলআউট করার পাশাপাশি বোনাস পয়েন্ট আদায় করে ব্যবধান ৩৪–২৮ পয়েন্টে নামিয়ে আনে। খেলা শেষের ঠিক এক মিনিট আগে ব্যবধান কমে দাঁড়ায় মাত্র ১ পয়েন্টে (৩৫–৩৪)। তবে জয়ের আশা জাগিয়েও শেষ রক্ষা হয়নি। রেইডার দ্বীপায়ন পয়েন্ট আনতে গিয়ে আউট হলে লিড ফের বাড়িয়ে নেয় জাপান। শেষ মুহূর্তে মিজানুর ও রাজু পয়েন্ট হাতছাড়া করলে ৩ পয়েন্টের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0