বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করা হয়েছে’: রুহুল কবির রিজভী
বিগত ১৭ বছরের ভুল ও পরিকল্পিত নীতির কারণে দেশের শিক্ষা ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ের তথ্যপ্রযুক্তি ও মেধার প্রতিযোগিতা থেকে বাংলাদেশকে পিছিয়ে রাখতেই পরিকল্পিতভাবে জাতির এই শিক্ষাকাঠামো ধ্বংস করা হয়েছিল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ‘এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা ব্যবস্থাকে জাতির মেরুদণ্ড আখ্যা দিয়ে রিজভী বলেন, বিগত ১৭ বছরে সেই মেরুদণ্ডকে কৃত্রিম বা ‘প্লাস্টিকের মেরুদণ্ডে’ পরিণত করা হয়েছিল। পরীক্ষা না দিয়ে কিংবা খাতায় শুধু প্রশ্ন লিখে রেখেও ওপর মহলের নির্দেশে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এভাবে জোর করে বেশি নম্বর দেওয়া কিংবা পাস করানোর মাধ্যমে ব্যক্তি বা জাতি—কারোরই কোনো লাভ হয় না।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে অতীতে যে ছিনিমিনি খেলা হয়েছে, তারই ফল। তবে বর্তমান প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে সঠিক মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হচ্ছে, যা একটি দেশের ভবিষ্যৎ গড়ার জন্য অত্যন্ত জরুরি।
নারী শিক্ষার প্রসারে বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রীদের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। আর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামীতে বিএ এবং অনার্স পর্যন্ত ছাত্রীদের পড়াশোনার পুরো খরচ রাষ্ট্র বহন করবে এবং তা সম্পূর্ণ অবৈতনিক করা হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে আগামী দিনের যোগ্য কাণ্ডারী হওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন, রাজনীতির উর্ধ্বে উঠে ঢাকা-৩ এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষা উপযোগী পরিবেশ হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে ঢাকা-৩ আসনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











