বিশ্বজুড়ে স্থবির হতে পারে ইরানের সব ফ্লাইট: যুক্তরাষ্ট্রের কঠোর হুমকি
আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে বিশ্বজুড়ে ইরানের বিমানসংস্থাগুলোর আন্তর্জাতিক উড্ডয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার নতুন শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সতর্ক করে জানিয়েছে, বহির্বিশ্বের কোনো বিমানবন্দর বা প্রতিষ্ঠান যদি ইরানি উড়োজাহাজগুলোকে সেবা দেওয়া অব্যাহত রাখে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর মার্কিন মাধ্যমিক (সেকেন্ডারি) নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে জানান, কোনো বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি ইরানি এয়ারলাইনসগুলোকে জ্বালানি সরবরাহ, ল্যান্ডিং সুবিধা কিংবা টিকিট বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের সেবা দেয়, তবে তারা মার্কিন ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে।
নিষেধাজ্ঞার প্রভাব ও আন্তর্জাতিক সংকট
চলতি মাসের শুরুর দিকেই মার্কিন অর্থ বিভাগ ইরানের যেসব বিমান সংস্থা এতদিন বিধিনিষেধের বাইরে ছিল, সেগুলোর পাশাপাশি দেশটির বিমান খাতকে সহায়তাকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নতুন করে নিষেধাজ্ঞা জারি করে। দীর্ঘদিনের এই অর্থনৈতিক চাপের কারণে ইতোমধ্যে ইরানি বিমানসংস্থাগুলোর জন্য নতুন বিমান ক্রয় কিংবা খুচরা যন্ত্রাংশ ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সেবা পাওয়া জটিল হয়ে পড়েছে।
যদিও ওয়াশিংটনের এমন কঠোর হুমকির মধ্যেও ইরানের জাতীয় বিমান সংস্থা 'ইরান এয়ার' তাদের পূর্বনির্ধারিত কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার বিষয়ে অনড় মনোভাব দেখাচ্ছে। তবে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দর ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মার্কিন বিধিনিষেধের কারণে সেবা দেওয়া থেকে পিছিয়ে এলে আন্তর্জাতিক আকাশপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ইরানের এভিয়েশন খাত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











