বাংলাদেশ-চীন সাইবার ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা জোরদার, সাইবার অপরাধ দমন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, অক্টোবরের শুরুতে চীনা রাষ্ট্রদূতের দায়িত্বকাল শেষ হতে যাচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের 'মিনিস্টার অব PUBLIC সিকিউরিটি'-এর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং দেশটিতে আয়োজিত পাবলিক সিকিউরিটি বিষয়ক ফোরামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বৈঠকে সাইবার অপরাধ মোকাবিলা ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিগত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা ও ইমিগ্রেশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বলে জানান বিদায়ী রাষ্ট্রদূত। এই সক্ষমতা আরও বাড়াতে তিনি বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল চীনের সাইবার ল্যাব পরিদর্শনের প্রস্তাব দেন।
রাষ্ট্রদূতের পরামর্শের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিআইডির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞদের সমন্বয়ে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে পাঠানো হবে। দলটি চীনের ল্যাব ও অবকাঠামো পর্যবেক্ষণ করে বাংলাদেশে আধুনিক ফরেন্সিক ল্যাব স্থাপনের বিষয়ে সুপারিশ তৈরি করবে।
চীনা নাগরিকদের সর্বোচ্চ সুরক্ষার প্রতিশ্রুতি
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দেশের থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় ইউনিট পর্যন্ত বিশেষায়িত 'সাইবার সিকিউরিটি ইউনিট' এবং ডিজিটাল ফরেন্সিক ল্যাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, চীন বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগী উল্লেখ করে দেশে কর্মরত চীনা নাগরিক ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত সঙ্গী এবং দেশে অবস্থানরত সব চীনা নাগরিক ও উন্নয়ন কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











