দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা
দেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—এই চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের এই নতুন দর সমন্বয়ের বিষয়টি জানানো হয়।
মূল্যবৃদ্ধির কারণ ও বিপিসির লোকসান
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে গত মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় এতদিন দেশীয় বাজারে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
অতীতে জ্বালানির দর পুনর্নির্ধারণ
এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সঙ্গে কেরোসিন ১৮ টাকা, পেট্রল ১৯ টাকা এবং অকটেনে ২০ টাকা বাড়ানো হয়েছিল। পরবর্তীতে জুন মাসে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ানো হয়। তবে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত ছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











