রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী
রবিবার ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। হাঁটু থেকে কোমরসম জলাবদ্ধতার কারণে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী।
বিভিন্ন এলাকা জলমগ্ন
জানা গেছে, রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ ঢাকার বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও প্রবল বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়। পরবর্তীতে বাতাসের প্রভাব কিছুটা কমলেও মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকে। এতে নিচু এলাকার সড়ক ও পথচারীদের চলাচলের ফুটপাত পানির নিচে তলিয়ে যায়।
বিশেষ করে রাজধানীর মুগদা, খিলগাঁও, গোড়ান, মানিকনগর, সবুজবাগ, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান, পল্টন ও ধানমন্ডি এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খিলগাঁওয়ের সিপাহীবাগ, মুগদা ও গোড়ানের অনেক সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে পানি ঢুকে পড়েছে আশপাশের দোকানপাটে। এছাড়া মানিকনগরের বাণিজ্যিক এলাকার বেশ কিছু দোকানে পানি প্রবেশ করায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই ধরনের চিত্র দেখা গেছে আরামবাগ মোড়, ফকিরাপুল ও কাকরাইল অঞ্চলেও।
পরিবহন সংকট ও পথচারীদের ভোগান্তি
সড়কে পানি জমে থাকায় গণপরিবহন ও রিকশা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছাতে অনেককে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে দেখা যায়। আবার অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।
নিউমার্কেট এলাকার রিকশাচালক হোসেন মিয়া দুর্ভোগের বর্ণনা দিয়ে জানান, “বৃষ্টির কারণে রাস্তায় পানি উঠে গেছে। ভালো করে রিকশা চালানো যাচ্ছে না। যার কারণে সকালেই সড়কে জ্যামের সৃষ্টি হয়েছে।”
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমায় বর্জ্য জমে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতি বছর বর্ষা মৌসুমে রাজধানীজুড়ে একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











