মাইকেল ওলিসকে বিশেষ উপহার পাঠালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৭-০ ব্যবধানের বিশাল জয় উদযাপনের রাতে এক দারুণ সারপ্রাইজের মুখোমুখি হয়েছেন ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিস। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক ও দুটি অ্যাসিস্টের সুবাদে ম্যাচসেরার পুরস্কার এবং ম্যাচ বল নিয়ে মাঠ ছাড়ার পর তাঁর ঝুলিতে জমা হয়েছে শৈশবের প্রিয় তারকা নেইমারের অটোগ্রাফ সংবলিত একটি বিশেষ জার্সি। ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মিক্সড জোনে বিশেষ উপহার
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শেষে মিক্সড জোনে ২৫ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডের জন্য উপহারটি অপেক্ষা করছিল। মাঠে আসা সাংবাদিক ইজাবেলা পালিয়ারির হাত দিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার নিজের অটোগ্রাফ দেওয়া বিশেষ জার্সিটি ওলিসের কাছে পৌঁছে দেন। এর আগে এক সাক্ষাৎকারে ওলিস তাঁর শৈশবের প্রিয় খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি ও জিনেদিন জিদানের পাশাপাশি নেইমারের নাম উল্লেখ করেছিলেন। ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে নিজের শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন।
চলতি মৌসুমে ওলিসের দুর্দান্ত ফর্ম
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ ছন্দে রয়েছেন মাইকেল ওলিস। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচটি ছিল এ মৌসুমে তাঁর সপ্তম প্রতিযোগিতামূলক ম্যাচ, যার মধ্যে ইতোমধ্যে চারবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোল ও অ্যাসিস্টের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে—অর্থাৎ গড়ে প্রতি ৫১ মিনিটে একটি গোলে সরাসরি অবদান রেখেছেন এই ফরাসি তারকা।
সতীর্থদের প্রশংসায় ভাসছেন ওলিস
ওলিসের এমন নৈপুণ্যে উচ্ছ্বসিত সতীর্থরাও। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ওলিসের প্রশংসায় বলেন, মাইকেলের সঙ্গে মাঠে খেলতে পারাটা দারুণ উপভোগ্য। সে মানুষ হিসেবে ভীষণ ভালো। বাইরে থেকে যেভাবে তাকে দেখা যায়, সে মূলত তার চেয়ে ভিন্ন ও চমৎকার এক চরিত্রের মানুষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











