১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং: ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক ও প্রযুক্তি নেতাদের নৈশভোজের প্রস্তুতি

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৩২
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং: ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক ও প্রযুক্তি নেতাদের নৈশভোজের প্রস্তুতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

এক দশকেরও বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এতে দুই দেশের বাণিজ্য সংঘাত, শুল্কনীতি, তাইওয়ান সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ বিরল খনিজ সরবরাহ সহ ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনার পরিকল্পনা রয়েছে।

​মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আগামী বুধবার ওয়াশিংটনের অদূরে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক বিমানঘাঁটিতে শি জিনপিংয়ের উড়োজাহাজ অবতরণ করবে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে উপস্থিত থেকে তাকে অভ্যর্থনা জানাবেন, যা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারে একটি বিরল ও ব্যতিক্রমী উদ্যোগ।

​সফরের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে সংবর্ধনা শেষে দুই শীর্ষ নেতা রোজ গার্ডেনে মার্কিন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করবেন। এরপর তারা রুদ্ধদ্বার দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

​ওই দিন সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে মার্কিন প্রেসিডেন্ট দম্পতি চীনপ্রধানের সম্মানে এক রাজকীয় রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে দুই দেশের শীর্ষ নেতাই বক্তব্য রাখবেন। এই বিশেষ নৈশভোজে বিশ্বখ্যাত প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ডেল টেকনোলজিসের মাইকেল ডেল, এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, সিটিগ্রুপের প্রধান জেন ফ্রেজার এবং অ্যাপলের সদ্যবিদায়ী প্রধান নির্বাহী টিম কুক।

​সফরের শেষ দিন শুক্রবারে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং দম্পতি হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চা-চক্রে অংশ নেবেন। পরবর্তীতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দলিলপত্র সংরক্ষিত ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনে যাবেন। সেখান থেকে সফর সমাপ্ত করে জয়েন্ট বেস অ্যান্ড্রুজ হয়ে তারা বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন।

​২৪ সেপ্টেম্বরের এই শীর্ষ বৈঠকে প্রায় ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র প্যাকেজ, তাইওয়ান ইস্যু, বিরল খনিজ পদার্থের বিরামহীন সরবরাহ এবং ইরানের তেল রপ্তানির মতো সংবেদনশীল বিষয়গুলো স্থান পেতে পারে। এছাড়া বেইজিংয়ের পক্ষে বিওয়াইডি, শাওমি ও সিএটিএলের মতো শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহীদের নিয়ে একটি বড় প্রতিনিধিদল এই সফরে শি জিনপিংয়ের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০১৫ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0