জাপানে প্রমোদতরিতে ভাসমান অ্যাথলেটস ভিলেজ, অনন্য অভিজ্ঞতায় বাংলাদেশের ক্রীড়াবিদরা

২১ সেপ্টেম্বর ২০২৬ - ০১:০৪
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাপানে প্রমোদতরিতে ভাসমান অ্যাথলেটস ভিলেজ, অনন্য অভিজ্ঞতায় বাংলাদেশের ক্রীড়াবিদরা
ছবি: সংগৃহীত

জাপানের আইচি-নাগোয়ায় শুরু হওয়া এশিয়ান গেমসে এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অংশ নেওয়া দেশের ক্রীড়াবিদরা। আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথাগত অ্যাথলেটস ভিলেজের বদলে আয়োজক কমিটি অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করেছে বিশাল এক প্রমোদতরিতে। 'কোস্টা সেরেনা' নামের এই বিলাসবহুল জাহাজটিই মূলত গেমস চলাকালীন এক ‘ভাসমান ভিলেজ’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আবাসন খরচ কমাতে অভিনব উদ্যোগ

মূলত আসরের আয়োজন ব্যয় কমানোর লক্ষ্যেই আয়োজক কমিটি প্রমোদতরিকে আবাসন হিসেবে ব্যবহারের এই সিদ্ধান্ত নেয়। জাপানে অনুষ্ঠিত যেকোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় থাকার জায়গা হিসেবে ক্রুজ শিপ ব্যবহারের ঘটনা এটাই প্রথম। ইতালীয় পতাকাবাহী ২৯০ মিটার দৈর্ঘ্য ও প্রায় দেড় হাজার কেবিনসমৃদ্ধ এই জাহাজটি নাগোয়া বন্দরের কিঞ্জো পিয়ারে নোঙর করে রাখা হয়েছে। গেমস চলাকালে বিভিন্ন ধাপে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা এখানে অবস্থান করবেন।

বাংলাদেশের যেসব দল থাকছে জাহাজে

বাংলাদেশের ক্রীড়াবিদদের বড় একটি অংশই বর্তমানে এই ভাসমান ভিলেজে অবস্থান করছেন। অ্যাথলেটিকস, আরচারি, জিমন্যাস্টিকস, জুডো, কাবাডি, ভারোত্তোলন, কুস্তি, টেবিল টেনিস ও উশু—এই নয়টি ডিসিপ্লিনের খেলোয়াড় ও দলের কর্মকর্তারা জাহাজটিতে উঠেছেন।

কক্ষের সংকীর্ণতা সত্ত্বে নতুন অভিজ্ঞতা উপভোগ

ক্রুজ শিপে থাকার এই ব্যবস্থা ঘিরে বিশ্বজুড়ে খেলোয়াড়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকটি দেশের অ্যাথলেট কক্ষের স্বল্প পরিসর এবং খেলাধুলার সরঞ্জাম রাখার পর্যপ্ত জায়গা না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রতিনিধিদের অভিজ্ঞতাও খানিকটা মিশ্র, তবে তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন।

​বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল জানান, রুমগুলো কিছুটা ছোট এবং পানিতে জাহাজ দোলার সময় ভিন্ন অনুভূতি হয়। তবে সার্বিক সুবিধা ভালো। জাহাজে সুইমিং পুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে এবং ৯ তলার ডাইনিংয়ে অন্যান্য দেশের ক্রীড়াবিদদের সাথে কুশল বিনিময়ের সুযোগ মিলছে।

​অন্যদিকে, জিমন্যাস্ট রাজিব চাকমা ও টেবিল টেনিস খেলোয়াড় রাম হিম বম বিষয়টি বেশ উপভোগ করছেন। তারা জানান, পানির ওপর জাহাজে অবস্থান করে অনুশীলন ও খেলায় অংশ নেওয়ার ঘটনা তাদের জন্য একেবারেই নতুন। ছোটখাটো ঘর সংক্রান্ত অসুবিধা থাকলেও নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা ভালো থাকায় তারা পরিবেশটি উপভোগ করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0