ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি, আসছে ৬ দলের নতুন টুর্নামেন্ট

২১ সেপ্টেম্বর ২০২৬ - ০১:০০
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি, আসছে ৬ দলের নতুন টুর্নামেন্ট
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় দেশের ঘরোয়া ক্রিকেট, ক্রিকেটারদের সুযোগ-সুবিধা এবং ক্রিকেট অবকাঠামোর আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই পর্ষদ সভায় ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর চূড়ান্ত অনুমোদনের পাশাপাশি পুরো প্রতিযোগিতামূলক কাঠামো পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যাচ ফি ও ভাতা বৃদ্ধি

ওয়ার্কিং কমিটির পেশ করা প্রস্তাব অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। নতুন অনুমোদিত কাঠামোতে পুরুষদের চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে খেলোয়াড়েরা প্রতি ম্যাচে ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন। এছাড়া এক দিনের ম্যাচে (লিস্ট 'এ') ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতি ম্যাচে ৮০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের খেলোয়াড়দের ম্যাচ ফি ধরা হয়েছে ১৫ হাজার টাকা।

​নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও ঘরোয়া আসরে উল্লেখযোগ্য হারে ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে নারীদের তিন দিনের ম্যাচে প্রতি খেলোয়াড় পাবেন ৪০ হাজার টাকা, এক দিনের ম্যাচে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা। এর পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দৈনিক ভাতা দ্বিগুণ করা হয়েছে। পূর্বে যারা দিনে ১০ হাজার টাকা করে ভাতা পেতেন, নতুন সিদ্ধান্তের ফলে তারা পাবেন ২০ হাজার টাকা করে।

নতুন ৬ দলের কাঠামো ও করপোরেট সম্পৃক্ততা

ঘরোয়া প্রতিযোগিতার ধারায় বড় পরিবর্তন আনতে একটি একক প্রতিযোগিতামূলক কাঠামোর অধীনে ৬টি দল নিয়ে নতুন টুর্নামেন্ট চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এই কাঠামোর আওতায় চার দিনের ফার্স্ট ক্লাস ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি তিনটি ফরম্যাটই অন্তর্ভুক্ত থাকবে।

​এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রতিষ্ঠিত ও খ্যাতনামা করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিক তিন বছরের জন্য দলগুলোর স্বত্ব বিক্রির প্রস্তাব দেওয়া হবে। ঘরোয়া ক্রিকেটে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতেই এমন উদ্যোগ নিচ্ছে বিসিবি। নতুন এই প্রতিযোগিতা পদ্ধতির প্রথম আয়োজন হিসেবে টি-টোয়েন্টি আসর মাঠে নামানোর পরিকল্পনা করা হয়েছে, যা ২০২৬ সালের ডিসেম্বরে শুরু হতে পারে।

অবকাঠামো উন্নয়ন ও স্টেডিয়াম সংস্কার

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) মাঠে অ্যাথলেটিকস সংস্থা আইএএএফ (IAAF) অনুমোদিত ও আন্তর্জাতিক মানের একটি রানিং ট্র্যাক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ক্রিকেটারদের অনুশীলন ও ফিটনেস জোরদারে সেখানে তিন লেনের একটি বিশেষায়িত ট্র্যাক তৈরি করা হবে।

​এর পাশাপাশি শেরে বাংলা স্টেডিয়ামের দুটি বিকল্প ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশপথ এবং সাধারণ লবি এলাকা আধুনিকায়নের প্রস্তাব পাস করেছে বিসিবি। মূল প্যাভিলিয়নের ড্রেসিংরুমগুলোকে মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য সংরক্ষিত রেখে ঘরোয়া আসর ও অনুশীলন ম্যাচের জন্য নতুন দুটি ড্রেসিংরুম নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও সার্বিক উন্নয়নের জন্য স্থাপত্য ও প্রকৌশলগত পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0