মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা: শোধনাগারে আগুন, নিহত ২
রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। হামলায় শহরের একটি কৌশলগত তেল শোধনাগারে আগুন ধরে যায় এবং বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির প্রশাসনিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শনিবার থেকে এখন পর্যন্ত রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী ১ হাজার ৬০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে প্রায় ৪৫০টি ড্রোন সরাসরি মস্কো অভিমুখে আসছিল। ড্রোনের আঘাতের কারণে তেল শোধনাগার প্রাঙ্গণ এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলেও মস্কো শহরের সীমানার ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেয়র এই হামলাকে নজিরবিহীন উল্লেখ করে দাবি করেন, রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ব্যাঘাত ঘটানোই হামলাকারীদের মূল লক্ষ্য ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মস্কো শহর জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তেল শোধনাগার এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে এ হামলায় শোধনাগারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
আবাসিক ভবনে ক্ষয়ক্ষতি ও জ্বালানি সংকট
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, রামেনস্কোয়ে এলাকায় ড্রোন আঘাত হানার পর একটি ২১ তলা আবাসিক ভবন থেকে ৭০ জন শিশুসহ মোট ৪০০ জন বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই হামলায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং এই এলাকাতেই দুইজন নিহত হন।
উল্লেখ্য, মস্কোর এই তেল শোধনাগারটি এর আগেও একাধিকবার আক্রমণের শিকার হয়েছে। ২০২৪ সালে এটি ১ কোটি ১৬ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার পাশাপাশি ২৯ লাখ টন পেট্রোল ও ৩২ লাখ টন ডিজেল উৎপাদন করেছিল। ইউক্রেনের সাম্প্রতিক ধারাবাহিক হামলায় রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা হ্রাস পাওয়ায় বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট, পণ্যের দাম বৃদ্ধি ও পেট্রল পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











