নারী এশিয়া কাপ: ভারতের স্পিন ঘূর্ণিতে ৫৫ রানে অলআউট পাকিস্তান, সর্বনিম্ন রানের রেকর্ড

০৫ সেপ্টেম্বর ২০২৬ - ২২:৪৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নারী এশিয়া কাপ: ভারতের স্পিন ঘূর্ণিতে ৫৫ রানে অলআউট পাকিস্তান, সর্বনিম্ন রানের রেকর্ড
ছবি সংগৃহীত

নারী এশিয়া কাপে ভারতের স্পিন আক্রমণের মুখে দাঁড়িয়ে নতুন এক নজির গড়েছে ভারতীয় দল। প্রতিপক্ষ পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে টি-টোয়েন্টি সংস্করণে তাদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় স্কোরের লজ্জার রেকর্ড উপহার দিয়েছে ভারত।

​ম্যাচের শুরুতে অবশ্য ভিন্ন চিত্র দেখা গিয়েছিল। ৪.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান তুলে দারুণ সূচনার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। তবে সেখান থেকে ছন্দপতন—মাত্র ২৮ রানের ব্যবধানে ১০টি উইকেট হারিয়ে ১৮.১ ওভারেই থামে ফাতিমা সানার দলের ইনিংস।

​শুরুতে ভারতীয় ফিল্ডারদের ক্যাচ মিস এবং পেসাররা পিচ থেকে কোনো সুবিধা না পাওয়ায় পাকিস্তান কিছুটা সুবিধা পেয়েছিল। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতীয় স্পিনাররা। চার স্পিনারের সমন্বিত তোপে একের পর এক উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

​ভারতের বোলিংয়ের মূল নায়ক ছিলেন শ্রী চরণী। তিনি মাত্র ৭ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। ওপেনার গুল ফিরোজাকে ফেরানোর মাধ্যমে পতন শুরু করেন তিনি। অন্যদিকে অভিজ্ঞ অফস্পিনার দীপ্তি শর্মাও শিকার করেন ভাইটাল উইকেট; পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে শূন্য রানে বিদায় করেন তিনি। প্রেমা রাওয়াত ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে পান ৩টি উইকেট।

​এই ব্যর্থতার মাধ্যমে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের পুরনো রেকর্ড ভাঙল পাকিস্তান। এর আগে ২০২৪ সালে একই মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রানে অলআউট হয়েছিল দলটি। এছাড়া ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬০ এবং ২০১২ সালে ভারতের বিরুদ্ধে ৬৩ রানের সর্বনিম্ন রেকর্ড ছিল তাদের। ভারতীয় স্পিন জাদুতে ভেঙে পড়ে সেই রেকর্ড ছাপিয়ে এবার ৫৫ রানেই গুটিয়ে যেতে হলো তাদের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0