বয়স জালিয়াতি: রোহিত ও রবিসহ ৬৫ ক্রিকেটারকে নিষিদ্ধ করল সিএবি
বয়স জালিয়াতির অভিযোগে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কেবল রোহিতই নন, একই অপরাধে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ জন ক্রিকেটারকে সব ধরনের কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ রোহিত
প্রাক-মৌসুম নথিপত্র যাচাইয়ের সময় সিএবি কর্মকর্তাদের নজরে খেলোয়াড়দের বয়সের এই গরমিল ধরা পড়ে। নথি পরীক্ষা করে দেখা যায়, বেঙ্গল অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করা রোহিতের প্রকৃত বয়সের সঙ্গে নথিতে প্রদত্ত বয়সের ব্যবধান প্রায় ২৭ মাস।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পরপরই রোহিতকে জাতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের পাঁচটি একদিনের ম্যাচ এবং দুটি দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলার সূচি ছিল।
তালিকায় বিশ্বকাপজয়ী রবি কুমার
বয়স লুকানোর দায়ে রোহিতের পাশাপাশি আরও ৬৪ জন ক্রিকেটারকে শাস্তির আওতায় এনেছে সিএবি। এই তালিকায় সবচেয়ে বড় নাম বাঁহাতি পেসার রবি কুমার। ক্যারিবীয় দ্বীপে অনুষ্ঠিত ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য বোলিং করে ভারতের শিরোপা জয়ে মূল ভূমিকা রেখেছিলেন তিনি। সে বছরই বাংলার নম্বর ওয়ান সিনিয়র দলে তার অভিষেক হলেও ২০২৩ সালের পর থেকে আর ম্যাচ খেলার সুযোগ পাননি।
সিএবি সূত্রে জানানো হয়েছে, গৃহীত শাস্তিমূলক পদক্ষেপটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদিত সকল রাজ্য সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











