মিতালিকে টপকে নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের চূড়ায় স্মৃতি মান্ধানা
আন্তর্জাতিক নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। দেশের সাবেক সতীর্থ মিতালি রাজকে পেছনে ফেলে তিন সংস্করণ মিলিয়ে নারী ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহকের আসন নিজের করে নিয়েছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। একই সাথে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও এখন তার দখলে।
চলমান এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে এক ম্যাচেই রেকর্ডগুলোর পুনর্লিখন ঘটে। ব্যাট হাতে ৬৪ বলে ১২৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন মান্ধানা। এই ইনিংসের ওপর ভর করে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান গিয়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৮০-তে। এতদিন ১০ হাজার ৮৬৮ রান নিয়ে শীর্ষে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। ১০ হাজার ৭৪০ রান নিয়ে তালিকার তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস, যিনি চলতি বছরের জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন।
রেকর্ডের নতুন উচ্চতা
হংকংয়ের বিপক্ষে করা শতকটি মান্ধানার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি ১৭টি সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংকে পেছনে ফেলে নারী ক্রিকেটের একক শীর্ষে উঠে এসেছেন।
এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ৫০ রানের ইনিংস খেলার ক্ষেত্রেও মিতালি রাজের দীর্ঘদিনের রেকর্ড স্পর্শ করেছেন এই ওপেনার। ক্যারিয়ারে মোট ৯৩টি ৫০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলে মিতালির সঙ্গে এখন যৌথভাবে শীর্ষস্থানে আছেন স্মৃতি।
মান্ধানার রেকর্ড গড়া ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়ে ভারত। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের তোপে পড়ে হংকং, গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে। ফলে ১৩৭ রানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ভারত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











