জাতীয় ফুটবল দলে নতুন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, কো-অর্ডিনেটর আমের খান

৩০ আগস্ট ২০২৬ - ১৭:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতীয় ফুটবল দলে নতুন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, কো-অর্ডিনেটর আমের খান
ছবি সংগৃহীত

আসন্ন ফিফা আসিয়ান কাপকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফের নির্বাহী সদস্য ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিজ্ঞ সংগঠক আমিরুল ইসলাম বাবু। অন্যদিকে বিদায়ী ম্যানেজার আমের খানকে দলের টিম কো-অর্ডিনেটর পদে নিযুক্ত করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে।

আসিয়ান কাপে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে কাজ করবেন বাফুফের নির্বাহী সদস্য মো. ইকবাল হোসেন। তাঁর সঙ্গে নতুন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং কো-অর্ডিনেটর হিসেবে থাকবেন জাতীয় দল কমিটির সদস্য আমের খান। বাফুফে সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় একাধিক সদস্য ম্যানেজার পদ নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। সেখানে আমিরুল ইসলাম বাবুও তাঁর ইচ্ছার কথা জানালে শেষ পর্যন্ত কমিটি তাঁকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

গত প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলেছেন আমের খান। এবার তাঁকে কো-অর্ডিনেটর পদে স্থানান্তর করে আমিরুল বাবুকে মূল পদে বসানো হলো। পুরুষ জাতীয় দলের ম্যানেজার পদে আমিরুল বাবুর এটি দীর্ঘ ১১ বছর পর ফেরা। এর আগে ২০১৫ সালে কেরালা সাফ কাপে তিনি বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ বিরতির পর মোহামেডানের এই সংগঠক পুনরায় পুরুষ ফুটবল দলের পরিচালনার দায়িত্ব পেলেন।

​উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে ফিফা আসিয়ান কাপের আসর। টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে মাঠ লড়বে বাংলাদেশ দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0