টঙ্গীতে বাংলাদেশ-ভুটান আর্চারি: সব ইভেন্টেই লাল-সবুজের জয়জয়কার
আগামী এশিয়ান গেমসকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ও ভুটানের আর্চারদের আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতা। দু’দেশের তীরন্দাজদের জমজমাট এই লড়াইয়ে অনন্য পারফরম্যান্স দেখিয়ে ভুটানকে অনেকটাই পেছনে ফেলেছে আয়োজক বাংলাদেশ।
একক ইভেন্টে বাংলাদেশি আর্চারদের দাপট
প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ একক বিভাগে তিনটি পদকই দখল করেছে বাংলাদেশের আর্চাররা। এ ক্যাটাগরিতে স্বর্ণ জয় করেন রাম কৃষ্ণ সাহা, রৌপ্য পান আব্দুর রহমান আলিফ এবং ব্রোঞ্জ পদক জেতেন মিশাদ প্রধান। রিকার্ভ নারী এককেও আধিপত্য বজায় রেখে স্বর্ণ জয় করেন সাইমা সালাহ উদ্দিন। এই ইভেন্টে মোসা. মনিরা আক্তার রৌপ্য ও শিমা আক্তার শিমু ব্রোঞ্জ পদক লাভ করেন।
অন্যদিকে, কম্পাউন্ড পুরুষ এককে সেরা নৈপুণ্য দেখিয়ে সোনা জেতেন হিমু বাছাড়, আর রৌপ্য পান মো. তরিকুল ইসলাম তাওহীদ। এই ইভেন্টে ভুটানের সেতুম গেইটশেদ ব্রোঞ্জ পদক পান। কম্পাউন্ড নারী এককে দেশের হয়ে স্বর্ণপদক জয় করেন পুষ্পিতা জামান, রৌপ্য পান মোসা. কুলসুম আক্তার মনি এবং ব্রোঞ্জ পান বন্যা আক্তার।
দ্বৈত ও দলগত বিভাগে সাফল্য
মিশ্র ও দলগত লড়াইয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি আর্চাররা। রিকার্ভ মিশ্র দ্বৈতে আব্দুর রহমান আলিফ ও শিমা আক্তার শিমু জুটি সোনা জয় করেন। একই ইভেন্টে রাম কৃষ্ণ সাহা ও সাইমা সালাহ উদ্দিন জুটি রৌপ্য এবং ভুটানের কিনলে তাহেরিং ও বাংলাদেশের সোনালী রায় জুটি ব্রোঞ্জ লাভ করেন।
কম্পাউন্ড মিশ্র দ্বৈতে নেওয়াজ আহমেদ রাকিব ও পুষ্পিতা জামান জুটি স্বর্ণ অর্জন করেন। এ বিভাগে ভুটানের টান্ডিন দর্জি ও সোনাম দেমা জুটি রৌপ্য এবং বাংলাদেশের ঐশ্বর্য রহমান ও বন্যা আক্তার জুটি ব্রোঞ্জ পান।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে রাম কৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল সোনা জেতে। যৌথ দল হিসেবে রৌপ্য ও ব্রোঞ্জ অর্জন করে অন্য প্রতিযোগীরা। রিকার্ভ নারী দলগত ইভেন্টে সাইমা, মনিরা ও শিমুর দল স্বর্ণ এবং সোনালী, নাসরিন ও আরোভির দল রৌপ্য জয় করে।
এছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের বাংলাদেশ দল স্বর্ণ এবং ভুটান রৌপ্য লাভ করে। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও কুলসুম, বন্যা ও পুষ্পিতার সমন্বয়ে গড়া বাংলাদেশ দল সোনা অর্জন করে, যেখানে রৌপ্য পায় বাংলাদেশ ও ভুটানের যৌথ দল।
পুরস্কার বিতরণী
প্রতিযোগিতা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সাম্পান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমামুল হাসানসহ উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











