টপ এন্ড টি-টোয়েন্টি: রুবেল-সাব্বিরের নৈপুণ্যে বাংলাদেশ এইচপির জয়

২৮ আগস্ট ২০২৬ - ১৭:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
টপ এন্ড টি-টোয়েন্টি: রুবেল-সাব্বিরের নৈপুণ্যে বাংলাদেশ এইচপির জয়
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দল। পেসার মোহাম্মদ রুবেলের বিধ্বংসী বোলিং এবং ব্যাটার সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা বাংলাদেশ।

​ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। মাত্র ৯৭ রান তুলতেই স্বাগতিকরা ৮ উইকেট হারিয়ে বসে। তবে শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের পুঁজি গড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। এছাড়া ম্যাট হ্যামন্ড ২৬ ও ক্যাডেল ম্যাকমাহন ২৫ রান করেন। বাংলাদেশ এইচপির বল হাতে আলো ছড়ান মোহাম্মদ রুবেল; তিনি ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেন।

​১৪৪ রানের জয়ের লক্ষ্যে জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার আরিফুল ইসলামকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে এসে ম্যাচের নিয়ন্ত্রণ নেন সাব্বির রহমান। ২টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। মাত্র ৩ রানের জন্য অর্ধশতক হাতছাড়া করে সাব্বির বিদায় নিলে দল আবারও কিছুটা চাপে পড়ে।

​তবে শেষ দিকে হাবিবুর রহমান সোহানের ১৮ বলে ২২ রান এবং সামিউন বাসির রাতুলের ৮ বলে ঝোড়ো ১৪ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ফলে ১০ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0