কোচ-খেলোয়াড় ছাড়াই সংবাদ সম্মেলন, বিতর্ক মাথায় নিয়ে রাতে উজবেকিস্তান যাচ্ছে অনূর্ধ্ব-২০ দল
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে নামার ঠিক আগমুহূর্তে মাঠের বাইরের নানা অপ্রীতিকর ঘটনায় উত্তপ্ত দেশের ফুটবল অঙ্গন। প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্তের গুঞ্জন, সহকারী কোচের সঙ্গে তার হাতাহাতি, নিরাপত্তা শঙ্কা ও বেতন নিয়ে অসন্তোষসহ নানা নাটকীয়তার মাঝেই বৃহস্পতিবার রাতে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
ফুটবল দলের দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সচরাচর এমন সংবাদ সম্মেলনে প্রধান কোচ, সহকারী কোচ কিংবা খেলোয়াড়দের দেখা গেলেও সেখানে তাদের কেউই উপস্থিত ছিলেন না। দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একা কথা বলেন টিম ম্যানেজার সামিদ কাশেম।
মূলত গত মঙ্গলবার এই সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছিল। সংবাদ সম্মেলনে কোচ বা খেলোয়াড়দের না রাখার ব্যাখ্যায় সামিদ কাশেম জানান, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার তদন্ত চলায় এই পরিস্থিতিতে কোচদের মিডিয়ার মুখোমুখি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তিতে জড়ান প্রধান কোচ জেরার্ড জোন্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোন্স নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। ঘটনাটি বর্তমানে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তদন্ত করছে। তদন্তে দোষ প্রমাণিত হলে জোন্স ও আতিকুর—দুই জনকেই শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
এর আগেও জোন্সকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। গত ১০ আগস্ট তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বেতন না পাওয়া এবং নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন।
আগামী ৩১ আগস্ট থেকে উজবেকিস্তানে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। বাংলাদেশের গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও রয়েছে দুই শক্ত প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। অভ্যন্তরীণ সব কোন্দল ও বিতর্ক দূরে ঠেলে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেওয়াই এখন লাল-সবুজ প্রতিনিধিদের মূল চ্যালেঞ্জ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











