ধর্ম পালনে কোনো বাধা বা মাস্তানি সহ্য করা হবে না: আইনমন্ত্রী
ঝিনাইদহের শৈলকুপায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, দেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। কোনো স্থানে এমন ঘটনার তথ্য পাওয়া মাত্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান দেশে সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করছেন। এই সুন্দর পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ ও অপশক্তির বিনাশ ঘটাতে ধরণীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দেশের যেকোনো অপশক্তির বিরুদ্ধে ভবিষ্যতে কাজ করার সময় সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আনন্দ-উৎসব, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে সংহতি জানিয়ে মন্ত্রী পরে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











