স্থানীয় সরকার নির্বাচন: ইসিকে জামায়াতের ৯ দফা দাবি

০১ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্থানীয় সরকার নির্বাচন: ইসিকে জামায়াতের ৯ দফা দাবি
জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের ব্রিফিং করেন। ছবি সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।

​এমপিওভুক্ত শিক্ষক ও প্রশাসকদের বিষয়ে প্রস্তাব

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার আইনি সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। শিক্ষকদের এই অধিকার থেকে বঞ্চিত করা হলে তা বৈষম্য তৈরি করবে এবং সংবিধানে দেওয়া নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে। এছাড়া বর্তমানে স্থানীয় সরকারে প্রশাসকের দায়িত্বে থাকা ব্যক্তিদের আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণারও দাবি জানায় দলটি।

​ইসি কর্মকর্তার পদে নিরপেক্ষতার প্রশ্ন

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, তিনি বিএনপির একটি উপকমিটির সঙ্গে যুক্ত ছিলেন, যা নির্বাচন কমিশন আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়টি সরকারকে জানানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বিতর্কিত এই কর্মকর্তাকে দায়িত্বে রেখে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়।

​প্রচারণা ও জোটগত অবস্থান

মন্ত্রী ও সংসদ সদস্যরা যাতে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণা চালাতে না পারেন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় দলটি। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের পদধারী নেতাদেরও নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করার কথা বলা হয়।

​দাবি আদায়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে গোলাম পরওয়ার জানান, ইতোমধ্যে কয়েকটি বিষয়ে কমিশন ইতিবাচক সায় দিয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত দলীয়ভাবে কাউকে একক মনোনয়ন দেবে না। ১১ দলীয় ঐক্যের অন্য দলগুলো প্রার্থী দিলেও কোনো দ্বন্দ্ব তৈরি হবে না বলে তিনি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0