জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের
বর্তমান সরকার ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, চুক্তি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরকার সরে আসার চেষ্টা করছে। নির্ধারিত ১৮০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডেকে এই সনদ বাস্তবায়ন করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামীর সভাপতি সম্মেলন ও শিক্ষাশিবির শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ ও রাজপথের আন্দোলন
গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও জামায়াতসহ একাধিক রাজনৈতিক দল যৌথ সনদে স্বাক্ষর করেছিল। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে ক্ষমতায় আসার পর সরকার এখন সেই প্রতিশ্রুতি অস্বীকার করার অপচেষ্টা চালাচ্ছে। আগামী সেপ্টেম্বরে এই ১৮০ দিনের মেয়াদ পূর্ণ হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি অবিলম্বে অধিবেশন ডেকে এটি বাস্তবায়ন না করে, তবে আন্দোলন ছাড়া কোনো পথ থাকবে না।
স্থানীয় সরকার ও উন্নয়ন বৈষম্য
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের তীব্র সমালোচনা করে জামায়াত নেতা বলেন, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সর্বক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অসাংবিধানিক। নির্বাচিত দলীয় সরকার থাকা সত্ত্বেও প্রশাসকদের দিয়ে এসব সংস্থা চালানোর সিদ্ধান্তকে তিনি অনৈতিক অভিহিত করে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান।
পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্যের অভিযোগ এনে তিনি বলেন, বিরোধী দলের সংসংদ সদস্যদের এলাকায় কাজ তদারকির দায়িত্ব সংরক্ষিত নারী সংসদ সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এতে নির্বাচিত সংসদ সদস্যদের অসম্মান করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, নিজ মন্ত্রণালয়ের নিরাপত্তার দিকে নজর না দিয়ে সরকারের এক দায়িত্বশীল মন্ত্রী সব বিষয়ে কথা বলছেন এবং বিরোধী দলকে খাটো করছেন। দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন না হলেও ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ মারামারি ও কোন্দল স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











