এক উপজেলার সব ইউপির ভোট অনুষ্ঠিত হবে একই সঙ্গে: ইসি সচিব
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সংক্রান্ত ইসির ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, এবার দেশের ইউপি নির্বাচনগুলো উপজেলাভিত্তিক আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ, একটি উপজেলার অধিনে থাকা সবগুলো ইউনিয়ন পরিষদে একই দিনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যু সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
ভোটের সুষ্ঠু ব্যবস্থাপনায় নতুন কৌশল
ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে সম্পন্ন করা হবে, তবে ঠিক কত ধাপে নির্বাচন হবে তা এখনও পর্যালোচনাধীন রয়েছে। মূলত নির্বাচনী ব্যবস্থাপনা সুষ্ঠু, শৃঙ্খল ও প্রভাবমুক্ত রাখতেই একই উপজেলার সব ইউপিতে একই দিনে ভোট সম্পন্ন করার চিন্তাভাবনা চলছে।
ইসি সচিব ব্যাখ্যা দিয়ে বলেন, কোনো উপজেলার কিছু ইউনিয়নে এক ধাপে এবং বাকিগুলোতে অন্য ধাপে ভোটগ্রহণ করা হলে সেখানে নির্বাচন প্রভাবিত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়। এই ঝুকি হ্রাস করতেই একটি উপজেলার সম্পূর্ণ এলাকা এক ধাপেই কাভার করার আলোচনা চলছে। তবে প্রস্তাবটি কমিশনের কাছে উপস্থাপনের পর তারা অনুমোদন দিলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ ও ভোটের সময়সূচি বা তফসিল ঘোষণা করা হবে।
বিধিমালা ও অন্যান্য নিয়মকানুন
স্থানীয় সরকার নির্বাচনের বিদ্যমান বিধিমালা প্রসঙ্গে সচিব উল্লেখ করেন, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনী আচরণবিধি সংস্কার সংক্রান্ত নথিগুলো বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং থেকে পর্যবেক্ষণ শেষে ইসিতে ফেরত এসেছে। এখন সেই পর্যবেক্ষণগুলো পর্যালোচনার কাজ চলছে। তিনি জানান, এবারের স্থানীয় ভোটে পোস্টার ব্যবহারকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং পরিচ্ছন্ন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের ইতিবাচক দিকগুলোও এই স্থানীয় বিধিমালার সঙ্গে যুক্ত করার কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতোপূর্বে জানান যে, সেপ্টেম্বরে তফসিল প্রকাশ করে নভেম্বরের মধ্যেই ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন শুরু করার একটি প্রাথমিক পরিকল্পনা ইসির রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











