দেশে চিকিৎসকের পদ শূন্য সাড়ে ১১ হাজার, প্রয়োজন ৮৮ হাজার: স্বাস্থ্যমন্ত্রী
সরকারি হাসপাতালে জনবলসংকট
জাতীয় সংসদের অধিবেশনে জানানো হয়েছে, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। ফলে বর্তমানে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য প্রকাশ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বেলা ৩টায় এই বৈঠক শুরু হয়।
আন্তর্জাতিক মানদণ্ড ও চিকিৎসক ঘাটতি
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড (প্রতি ১ হাজার মানুষের জন্য ০.৫০ জন চিকিৎসক) বিবেচনা করলে চলতি বছর বাংলাদেশে মোট ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন। তবে দেশের সামগ্রিক চিকিৎসক সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকের সংখ্যা এক নয় উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকের শূন্যপদ পূরণ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কার্যকর নানা পদক্ষেপ নিয়েছে।
চলমান নিয়োগ প্রক্রিয়া
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৪৪তম এবং ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে অনেক নতুন চিকিৎসক নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এর পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে নিয়োগের প্রক্রিয়া চালু রয়েছে। পর্যায়ক্রমে শূন্য পদগুলো পূরণ এবং নতুন পদ সৃষ্টির মাধ্যমে দেশের জনগণের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











