রাজনৈতিক সদিচ্ছা থাকলেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রধান বাধা রাজনৈতিক সদিচ্ছার অভাব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংকট সমাধান করা সম্ভব। রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপন্স স্ট্র্যাটেজিস’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ)।
স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সমস্যাটি স্রেফ বাংলাদেশের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয় নয়, এটি পুরো অঞ্চলের নিরাপত্তার সংগে গভীরভাবে জড়িত। কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তাবেষ্টনী আরও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের স্থানীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সংকট উত্তরণে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা দাবি করেন তিনি।
আন্তর্জাতিক চাপ ও যৌথ কৌশলের তাগিদ
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিকে আরও জটিল হতে না দিয়ে মিয়ানমারের ওপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ জোরদার করতে হবে। বাংলাদেশ কোনো ধরনের সংঘাত চায় না উল্লেখ করে তিনি দ্রুত একটি বাস্তবসম্মত প্রত্যাবাসন রূপরেখা তৈরির আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট করেন যে, রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ায় মিয়ানমারের টালবাহানা আর সহ্য করা হবে না। এই প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি আঞ্চলিক জোটগুলোকে সংকট নিরসনে কার্যকরভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আঞ্চলিক ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ
গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া অন্যান্য বিশেষজ্ঞ ও বক্তারা মত দেন যে, দীর্ঘায়িত এই সংকট বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও স্থানীয় পরিবেশের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তাই বিষয়টিকে কেবল মানবিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে রাজনৈতিক, ভূরাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার নিরিখে সমাধান করতে হবে।
আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান, এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান লে. জে. (অব.) ড. মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস, আরআরআরসি-এর অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











