চলতি সেপ্টেম্বরই মিলতে পারে ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। পুরো নির্বাচন প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নির্বাচন কমিশনের এই প্রস্তুতির কথা উল্লেখ করেন।
পরীক্ষার বিষয় মাথায় রেখে সময় নির্ধারণ
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য কর্মপরিকল্পনা দ্রুত এগোচ্ছে। তবে নভেম্বরের বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা এবং টেস্ট ও প্রি-টেস্টের বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে। সাধারণত অধিকাংশ ভোটকেন্দ্রই শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হয় এবং শিক্ষকদের পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হয়। ফলে শিক্ষাকার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষার সময় এড়িয়েই ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
আচরণবিধি ও গেজেট প্রকাশ
নির্বাচনী আচরণবিধি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের যে আধুনিক বিধানগুলো যুক্ত হয়েছিল, তার কিছু অংশ স্থানীয় সরকার নির্বাচনেও কার্যকর থাকবে। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ পাবে। মূলত ইউনিয়ন পরিষদ দিয়েই কমিশন স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
প্রযুক্তির প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তাকর্মীদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং নির্বাচনী এলাকা পর্যবেক্ষণে ড্রোনের সহায়তা নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনের মাঠে ভুল তথ্য বা অপপ্রচার রোধে কমিশন কঠোর পদক্ষেপ নিবে বলেও তিনি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











