ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির বিস্তার ঠেকাতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণ সম্পর্কিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কেবল সরকারি সংস্থাগুলোর ওপর নির্ভর না করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নিজ নিজ বসতবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং ময়লা-আবর্জনা নিয়মিত পরিচ্ছন্ন করার মাধ্যমে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে স্থানীয়দের সচেতন করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে যুক্ত করার আহ্বান জানান। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের সরাসরি কাজে লাগানোর নির্দেশ দেন, যাতে তারা মাঠপর্যায়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে অভিযান পরিচালনা করতে পারেন।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়। এছাড়া ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের হাসপাতালে ব্যবহারের জন্য মশারি সরবরাহের আলোচনা করা হয়, যাতে আক্রান্ত ব্যক্তি থেকে নতুন করে কারো মধ্যে ডেঙ্গুর সংক্রমণ না ঘটে। প্রধানমন্ত্রী গৃহীত সিদ্ধান্তগুলোর যথাযথ বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন, মাঠপর্যায়ে প্রতিটি নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা যেতে হবে।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











