রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

০৫ সেপ্টেম্বর ২০২৬ - ২৩:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি জেলাটিতে পৌঁছাবেন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা উত্তরের এই জেলায় বইছে আনন্দের আমেজ। পুরো শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। সেই সঙ্গে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

​দুই দিনের সফরসূচি

সফরসূচি অনুযায়ী, রোববার সকালে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলায় পৌঁছে তিনি প্রথমে শহরের গোয়ালপাড়া সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন। সফরের প্রথম দিন বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে স্থানীয় সচেতন নাগরিকদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

​পরদিন সোমবার সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। সফর শেষে ওই দিন বিকেলেই বঙ্গভবনের উদ্দেশে তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।

​উন্নয়নের নতুন প্রত্যাশা

গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জেলায় আসছেন তিনি। কেবল উদযাপন নয়, এই সফরের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ঠাকুরগাঁওবাসী।

​সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির জানান, রাষ্ট্রপতির প্রথম আগমন উপলক্ষে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনার প্রস্তুতি নেয়া হয়েছে। সেখানে দলমত নির্বিশেষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সচেতন নাগরিক ওবায়দুল্লাহ মাসুদ বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া এবং জন্মভূমিতে ফেরা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।"

​কঠোর নিরাপত্তাবলয়

রাষ্ট্রপতির সফর উপলক্ষে পুরো জেলায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, ৫ সেপ্টেম্বর থেকেই পুরো শহরকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। রাষ্ট্রপতির যাতায়াতের সড়ক, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0