ভারতীয় ভিসা পেতে দালাল ও অননুমোদিত এজেন্টের বিষয়ে সতর্ক করলো হাইকমিশন
বাংলাদেশি ভিসা প্রার্থীদের প্রতারক, দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নিশ্চিত ভিসা বা দ্রুত প্রক্রিয়াকরণের প্রলোভনে না পড়তে অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় ভারতীয় হাইকমিশন।
প্রতারক চক্রের প্রলোভনে অর্থ না দেওয়ার নির্দেশ
হাইকমিশনের প্রকাশিত বার্তায় বলা হয়েছে, অসাধু চক্র বা দালালরা আবেদনকারীদের ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুততম সময়ে প্রক্রিয়াকরণ’ এবং ‘অ্যাপয়েন্টমেন্ট স্লট নিশ্চিত করা’র মিথ্যা আশ্বাসে প্রতারিত করে থাকে। এসব প্রলোভনে বিশ্বাস করে তাদের অর্থ কিংবা প্রয়োজনীয় তথ্য দেওয়া হলে প্রার্থীরা আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সময় হারাতে পারেন।
সরাসরি সরকারি প্রক্রিয়ায় আবেদনের পরামর্শ
বার্তায় জোর দিয়ে বলা হয়, যেকোনো প্রকার ভিসা সংক্রান্ত কাজের জন্য অননুমোদিত ব্যক্তি বা মধ্যস্থতাকারীদের কাছে কোনো টাকা বা কাগজপত্র দেওয়া উচিত নয়। নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন জানানোর জন্য বলা হয়েছে। একই সঙ্গে ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদেরও সরাসরি নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে আবেদন সম্পূর্ণ করতে অনুরোধ জানানো হয়েছে।
ভিসা পাওয়া কিংবা দ্রুত আবেদন শেষ করার নামে কোনো ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের প্রলোভনে কান না দিয়ে সতর্ক থাকতে বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











