দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস রিজভীর
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে জ্বালানি ও গ্যাসের সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফিট এলাকায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জ্বালানি পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে রিজভী বলেন, দেশে চলমান গ্যাস সংকট শুধু অভ্যন্তরীণ কারণে নয়, এর নেপথ্যে বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। তবে শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য সরকার ইতোমধ্যে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যেই মিল-কারখানাগুলোতে প্রয়োজনীয় জ্বালানি পৌঁছানো সম্ভব হবে, যা ব্যবসায়িক গতিশীলতা ফিরিয়ে আনবে।
পরিবেশ ও জলবায়ুর ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে মানবজীবন নানা হুমকির মুখোমুখি হচ্ছে। এসব বিপর্যয় কাটাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় দেশজুড়ে এই রূপরোপণ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মনে করিয়ে দেন, দলের ৩১ দফা রূপরেখা, নির্বাচনি ইশতেহার এবং বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’-এ পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গত ছয় মাসেই আড়াই কোটি লক্ষ্য ছাড়িয়ে প্রায় তিন কোটি গাছ লাগানো হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের বিষাক্ত রাসায়নিক দূষণ প্রতিরোধ এবং পুনঃখননের ওপর জোর দেন তিনি। বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফাত ময়দানে নিমগাছ লাগানোর ঐতিহাসিক উদ্যোগের কথাও স্মরণ করেন।
উক্ত কর্মসূচিতে বিএনপির যৌথ মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, যৌথ মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এবং যৌথ আহ্বায়ক এ বি এম আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











