স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

০২ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অবস্থিত স্পিকারের কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক সবসময় নানা চড়াই-উৎরাই ও পরিবর্তনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছিল। পরবর্তীতে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্রের পথ সুগম হয়েছে।

​স্পিকার আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল। তবে দুই দেশের সুসম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত সাধারণ জনগণের মেলবন্ধন, যা পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের নীতির ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাবে।

​বৈঠকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ভারত সরকারও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

​বৈঠকে তারা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়, রোহিঙ্গা সংকট নিরসন ও পুনর্বাসন এবং ক্রীড়া ও সংস্কৃতি আদান-প্রদান নিয়ে আলোচনা করেন। এছাড়া ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান হাইকমিশনার।

​এ সময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0