আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা সুরক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন গঠনমূলক ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের বৈঠকের বিষযটি নিশ্চিত করেন।
বৈঠকে গণঅভ্যুত্থান পরবর্তী জননিরাপত্তা রক্ষা এবং ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ নানা রাষ্ট্রীয় কার্যক্রমে আনসার বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বৈদেশিক ভাষা, কারিগরি এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপের পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন, ডাটাবেজ তৈরি, ঋণদান কর্মসূচি এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দিক-নির্দেশনা চান।
রাষ্ট্রপতি আনসার ও ভিডিপিকে দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত নিরাপত্তা বাহিনী হিসেবে বর্ণনা করেন। এ সময় তিনি আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠাসহ আধুনিকায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি বাহিনীর চলমান জনমুখী কাজের প্রশংসা করে আগামীতে উন্নয়নমূলক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











