স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত নতুন ভোটারদের যুক্ত করেই স্থানীয় সরকার নির্বাচনের এই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিগত হালনাগাদের চেয়ে এবার মোট ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।
নারী ও পুরুষ ভোটারের হিসাব
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, নতুন তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জনে। এছাড়া দেশে বর্তমানে হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
ভোটার তালিকায় কোনো পরিবর্তন আসবে কিনা—এমন প্রশ্নে ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত নির্ধারিত সময়সীমার ওপর ভিত্তি করেই এ তালিকা চূড়ান্ত হয়েছে। পরবর্তীতে কমিশন যদি নতুন সিদ্ধান্ত নেয়, তবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া কতগুলো কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে, তা নির্বাচনের নির্ধারিত স্তরের ওপর নির্ভর করায় এখনই কেন্দ্র সংখ্যা নির্দিষ্ট করা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
আপত্তি ও সংশোধন প্রক্রিয়া সম্পন্ন
ভোটার তালিকা আইন ২০০৯ অনুসরণ করে গত ৯ আগস্ট খসড়া তালিকা উন্মুক্ত করা হয়েছিল। নিয়ম অনুযায়ী ২৪ আগস্ট পর্যন্ত ফরম-৬ এর মাধ্যমে নতুন দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন জমা নেওয়া হয়। এরপর ২৭ আগস্টের মধ্যে সকল আবেদন নিষ্পত্তি শেষে ২৮ আগস্ট তা চূড়ান্ত তালিকায় সমন্বয় করা হয় এবং ৩১ আগস্ট হালনাগাদকৃত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে কমিশন।
সেপ্টেম্বরে তফসিল, নভেম্বরে ভোট
কমিশন সূত্রের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী নভেম্বর মাস থেকে ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু হতে পারে। এই ক্ষেত্রে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে সম্পন্ন করতে চায় কমিশন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











