গুমের প্রতিটি ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে সংঘটিত প্রতিটি গুমের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের অমানবিক অপরাধ রুখে দিতে নতুন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে।
আগামীকাল ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আজ শনিবার (২৯ আগস্ট) এই বাণী দেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি দেশসহ বিশ্বের সব গুম হওয়া ব্যক্তি ও তাঁদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স একটি বৈশ্বিক সমস্যা এবং মানবাধিকারের চরমতম লঙ্ঘন। বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক ভিন্নমত ও আন্দোলন দমনে রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে এ ধরনের নির্মম পথ বেছে নেওয়া হতো।
বাণীতে উল্লেখ করা হয়, বিগত শাসনামলে গণতান্ত্রিক অধিকার হরণের অংশ হিসেবে অন্তত সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছিল। গুমের শিকার ব্যক্তিদের দীর্ঘ সময় আটকে রাখার জন্য তৈরি করা হয়েছিল গোপন বন্দিশালা, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত। এ ধরনের অপকর্ম চিরতরে বন্ধ করতে জাতীয় সংসদে ইতোমধ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। এই বিলগুলো আইনে পরিণত হলে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধের সাহস পাবে না বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর কয়েকজন ফিরে এলেও ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো বহু মানুষের সন্ধান এখনো মেলেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গুম শুধু একজন ব্যক্তির হারিয়ে যাওয়া নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের করুণ মৃত্যু। স্বজনদের দিনের পর দিন কাটে সীমাহীন অনিশ্চয়তায়।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম সনদের অনুচ্ছেদ ৭(২)-এ গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি দিবসটির বিশ্বব্যাপী তাৎপর্য তুলে ধরেন। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ’। পরিশেষে প্রধানমন্ত্রী এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে বিশ্বজুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











