অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যে মিলবে ২ লাখ টাকা পুরস্কার

২৯ আগস্ট ২০২৬ - ১৪:৪৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যে মিলবে ২ লাখ টাকা পুরস্কার
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ সদর দফতরে আয়োজিত অপরাধ পর্যালোচনা সম্মেলনে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, অভিযান জোরদার করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ইতোমধ্যে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্রের সন্ধান দেওয়া তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের ঘোষণা দেন তিনি।

​শনিবার (২৯ আগস্ট ২০২৬) চলতি বছরের এপ্রিল-জুন মেয়াদের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

​পুরস্কারের পরিমাণ ও শ্রেণিবিভাগ

অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের পুরস্কারের হার পুনর্নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারী অস্ত্রের সন্ধান দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার পাবেন তথ্যদাতা। পিস্তল, রিভলভার বা শটগানের মতো আগ্নেয়াস্ত্রের জন্য পুরস্কারের পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এছাড়া সাউন্ড গ্রেনেড ও লুণ্ঠিত টিয়ার গ্যাসের শেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধারে সহায়তা করলে ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা দেওয়া হবে। তবে তথ্যদাতাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাঁদের সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হবে।

​বাতিল লাইসেন্স ও প্রশাসনিক পদক্ষেপ

নির্ধারিত সময়ের মধ্যে জমা না হওয়া বাতিল লাইসেন্সের অস্ত্রগুলোকে অবৈধ ঘোষণা করে মামলা দায়ের করা হয়েছে এবং সেগুলো উদ্ধারে যৌথ অভিযান চলছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

​অপরাধ দমনে পুলিশ সদস্যদের জবাবদিহির বিষয়ে তিনি সতর্ক করে দেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার রোধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

​পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0