বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী, খুলছে শ্রমবাজার
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে পুনরায় খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রাথমিক পর্যায়ে বিমান ভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়া সম্পূর্ণ ‘জিরো কস্টে’ ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কাজের সুযোগ দেবে দেশটি। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে।
রিক্রুটিং এজেন্সি ও পাঠানোর প্রক্রিয়া
শুক্রবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, গত ছয় মাস ধরে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর মালয়েশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সংস্থা বোয়েসেল ছাড়াও দেশটির যৌথ উচ্চপর্যায়ের কমিটির যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এর মধ্যে ২৫টি এজেন্সিকে মালয়েশিয়া সরকার সরাসরি নির্বাচন করেছে এবং ৩১২টি এজেন্সি অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারবে। এই নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের কোনো ভূমিকা ছিল না।
মেডিক্যাল সেন্টার ও কর্মী নিরাপত্তা
পূর্বে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত মেডিক্যাল সেন্টারগুলো বাদ দিয়ে আপাতত অনুমোদিত ১৬টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক কাজ শুরু করা হবে। পরবর্তীতে মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল সরেজমিনে বাংলাদেশে এসে চূড়ান্ত তালিকা প্রণয়ন করবে।
নতুন প্রক্রিয়ায় কর্মী হয়রানি বন্ধ, কর্মস্থলে সরাসরি যোগদান এবং দেশটির শ্রম আইন মেনে নিয়মিত বেতন, আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার। অভিবাসনসংক্রান্ত সমস্যার দ্রত সমাধানে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
জরুরি সতর্কবার্তা ও কূটনৈতিক সফলতা
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চূড়ান্ত নির্দেশনার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা, পাসপোর্ট বা স্বাস্হ্য পরীক্ষার কাগজপত্র জমা না দিতে সতর্ক করা হচ্ছে।
প্রসঙ্গতঃ ২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী রিক্রুটিং এজেন্সি নির্বাচনের এখতিয়ার এককভাবে মালয়েশিয়ার হাতে ছিল, যার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন চুক্তি হলে বাংলাদেশের স্বার্থ আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ ইস্যুতে সফল আলোচনা চালান। এর ফলে জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











