মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিপন মিয়া (৪৫) এবং একই এলাকার গোলাম রব্বানীর ছেলে নাঈম (৪০)। আহত নারীর নাম বৃষ্টি আক্তার (২৫), যিনি নিহত রিপন মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মেয়ে বৃষ্টি আক্তারকে চিকিৎসক দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রিপন মিয়া। অন্যদিকে নাঈম তার কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। আবালপুর স্কুল এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় রিপন মিয়া ও তার মেয়েকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপন মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহত বৃষ্টি আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











